গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির রাস্তায় নামা উচিত। খালেদা জিয়া এতদিন জেলে, অথচ বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হয় সরকার তাদের ‘এলএসডি’ (ভয়ানক মাদক) খাইয়ে দিয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘রাজনৈতিক সংকট :উত্তরণ কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা ব?লেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি প্রয়াত জিয়াউর রহমানের জন্য ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। একজন মৃত ব্যক্তির জন্য ১৫ দিনের কর্মসূচি করছেন আর জীবিত খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ। উনার যেসব লক্ষণ দেখছি আগামী নির্বাচন পর্যন্ত পাবেন কি না, যথেষ্ট সন্দেহ আছে। আমরা দোয়া করি, উনি যেন বেঁচে থাকেন।
তিনি বলেন, অনেকগুলো পরিবর্তন আমাদের দরকার। বিএনপিকে প্রমাণ করতে হবে তারা এলএসডি খায়নি। তা নাহলে তারা আত্মহত্যা করছে। তাদের চিন্তার এত দীনতা, এত লোক আছে তাদের, তারা যেভাবে যাচ্ছে আমরা হয়তো খালেদা জিয়াকে আর বেশিদিন পাবো না। আমি গত তিন বছর ধরে বলে আসছি খালেদা জিয়ার চিকিত্সা মুক্ত খোলা বাতাসে হাঁটতে দেওয়া। তাহলেই উনি ভালো হবেন। কেবল ওষুধে রোগ ভালো হয় না। ওষুধের সঙ্গে জনগণের ভালোবাসা যখন উনি দেখবেন তখন উনি সুস্থ হবেন।
ডা. জাফরুল্লাহ ব?লেন, বিএনপি সত্য কথা বলতেও ভয় পায়। তাদের উচিত ছিল যেদিন থেকে সরকার খা?লেদা জিয়াকে? বাইরে যেতে দেয়নি সেদিন থেকে অনশন করা। সেদিনই বলা উচিত ছিল কাশিমপুরে যেতে চাই, ‘ফিরোজা’তে থাকতে চাই না। ‘ফিরোজা’তে উনাকে রাখা আরেকটা ধাপ্পাবাজি। উনি কি বধির, কানে শুনেন না? ১৫ দিনের কর্মসূচিতে বিএনপির উচিত মুক্তির জন্য রাস্তায় নামা।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা এই পর্যন্ত আসার পেছনে জিয়াউর রহমানের চেয়ে খালেদা জিয়ার অবদান বেশি। জিয়াউর রহমান অকালে প্রয়াণ করেছেন, আপনারা যখন হতাশায় ভুগছিলেন, আপনাদের কোনো পথ ছিল না, এই সাধারণ একজন গৃহবধূ আপনাদের একত্রিত করেছেন। আপনাদের দুই বার ক্ষমতায় এনেছেন, এটা তারই অবদান। বিএনপির লোকেরা খালেদা জিয়ার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছে বলে আমি মনে করি। এজন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।
জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, আজকে বিচারবিভাগ সরকারের খাদেমে পরিণত হয়েছে। কোর্টে এমন একটা চেয়ার সেটা নাড়াচাড়া করা যায় না। দুই জন লোক লাগে নাড়াতে। এতেই বুঝা যায় তাদের মস্তিষ্ক কত অথর্ব হয়ে গেছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে জনগণের টাকায় পত্রিকায় মন্ত্রণালয়ের বিজ্ঞাপন দেওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বিচার দাবি করেন তিনি। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন :নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।
