জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি নারীর সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ জরুরি। এজন্য সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। ট্র?্যাভেলেটস অব বাংলাদেশ—‘ভ্রমণকন্যা’ ২০১৬ সাল থেকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য প্রতিভাবান নারী-মা-বোনেরা ছড়িয়ে আছেন। তাদের ক্ষমতায়নে কাজ করার উদ্দেশ্যে এ অলাভজনক সংগঠনটি কাজ শুরু করেছিল। ট্র্যাভেলেটস অব বাংলাদেশ—‘ভ্রমণকন্যা’ আয়োজিত ‘মিন্সট্রুয়াল হেলথ অ্যাওয়্যারনেস উইক’ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী আয়োজিত অনলাইন ইভেন্টে শুক্রবার রাতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
শিরীন শারমিন বলেন, নারীর প্রজনন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিষয়। ‘ভ্রমণকন্যা’ নারীস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে এপর্যন্ত সারা দেশের ১০২টি প্রতিষ্ঠানের প্রায় ৫২ হাজার শিক্ষার্থীর মধ্যে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। ডা. সাকিয়া হক ও ডা. মানসী সাহার সঞ্চালনায় ঢাকায় ভার্চুয়াল এ অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে চৌ ইউ জি, যুক্তরাষ্ট্র থেকে ডা. এবরে আজুমাহ, নাইজেরিয়া থেকে ডা. অপিয়েমি আদেমি, আইরিস থেকে যোলান্তিমা, ভারত থেকে নামিতা ক্রুল ও দক্ষিণ আফ্রিকা থেকে নোকুজোলা ওয়ান্দে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
