প্রতারণার অভিযোগে র্যাবের হাতে গ্রেফতারকৃত শফিকুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের সঞ্চয়ের অর্থ ফেরতের দাবিতে এই মানববন্ধন করা হয়।
ভুক্তভোগীরা জানান, এমএলএম ব্যবসার নামে হাজার হাজার আমানতকারীর অন্তত ৭ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে চার বছরেরও বেশি সময় ধরে শফিকুর রহমান গা ঢাকা দেন। র্যাব গত বুধবার রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এই শফিকুর কুমিল্লাসহ দেশের ৩২টি জেলায় আইসিএলের শাখা অফিস খুলে লোভনীয় মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। গ্রাহকরা লভ্যাংশসহ টাকা ফেরত নিতে গেলে তাদেরকে হুমকি, আটক করে মারধর, এমনকি অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে উলটো তাদের কাছেই মোটা অঙ্কের টাকা পাওয়া সংক্রান্ত লিখিত রাখা হতো। তিনি আইসিএল নামের একটি এমএলএম প্রতিষ্ঠানের এমডি থাকলেও তিনি আরসিএল, আইডিএল, এফআইসিএল, এফআইবিএল, প্রিভেইল, কনজারভেটিভ, মাল্টিভিশন, গ্লোবাল, প্রাইম, বন্ধন, নিউ মডেল, সেমা, ওয়াইডিসিএল, সিসিএল, এসডিসিএল, আরডিসিএল, রিলেশনসহ প্রায় ৪০টি এমএলএম কোম্পানির প্রধান উপদেষ্টা রয়েছেন।
