ভারতে করোনা রোগীর মৃতদেহ নদীতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল

আপডেট : ৩০ মে ২০২১, ১৫:৪৬

ভারতের উত্তরপ্রদেশে করোনা রোগীর মৃতদেহ নদীতে ছুড়ে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, প্রদেশের বলরামপুরের একটি সেতু থেকে রাপ্তী নদীতে একটি মরদেহ ছুড়ে ফেলছেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজন পিপিই কিট পরিহিত। ওই সেতু দিয়ে যাওয়ার সময়ে দুই ব্যক্তি গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। তারপরই ওই ভিডিও প্রকাশ্যে আসে।

রবিবার (৩০ মে) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। দেহটি যে কোভিড আক্রান্তেরই, তা পরে নিশ্চিত করেন বলরামপুরের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা। যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে একজন মৃতের পরিবারের সদস্য। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২৫ মে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই করোনা রোগীকে। গত ২৮ মে তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত পরিবারের সদস্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানান মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা বিবি সিংহ।

মাস খানেক আগেই উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গা থেকে বহু কোভিড আক্রান্তের দেহ উদ্ধার হয়েছিল। বক্সারে গঙ্গার পার থেকে ৭১টি দেহ মিলেছিল। বিষয়টি নিয়ে বিতর্ক হতেই কেন্দ্রের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছিল সেই সব রাজ্যকে।

ইত্তেফাক/এসএ