ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, বুড়িচং এলাকার সড়ক দ্বীপে দিন দিন জমছে ময়লা। এতে মহাসড়কের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। বিষয়টি নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।
দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ফোর লেনের মহাসড়ক দিয়ে হয়ে থাকে দেশের আমদানি-রপ্তানির সিংহ ভাগ। পাশাপাশি সেন্টমার্টিন, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, কাপ্তাই, খাগড়াছড়ি, রামগড়, সীতাকুণ্ড, মিরসরাই প্রভৃতি এলাকায় প্রতিদিন পর্যটক বহনকারী যানবাহনও এই সড়কেই চলাচল করছে। মহাসড়কের সৌন্দর্য বর্ধনে ২০১৬ সালে সড়ক দ্বীপের কুমিল্লা অংশে লাগানো হয়েছে কুরচি, বকুল, সোনালু, রাঁধাচূড়া, কেছিয়া, কৃষ্ণচূড়া, কাঞ্চন, করবী, জারুল, পলাশ, হৈমন্তী প্রজাতির প্রায় ১২ হাজার ফুলগাছ। ফুলগাছগুলোর পরিচর্যার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান থাকলেও দেখা গেছে বহুস্থানে অযত্ন-অবহেলায় রয়েছে বেশ কিছু গাছ। বহু গাছ ফুলশূন্য। তবে বিব্রতকর অবস্থা হলো, সড়ক দ্বীপের এই সৌন্দর্য বর্ধনের গাছগুলোর আশপাশে আবর্জনার স্তূপ! বাতাসে ছড়াচ্ছে ময়লার দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন সুয়াগাজী এলাকায় মহাসড়কের সড়ক দ্বীপে আবর্জনার স্তূপে বায়ুদূষণ বাড়ছে আশঙ্কাজনকভাবে। বুড়িচংয়ের নিমসার এলাকার সড়ক দ্বীপেও আবর্জনার স্তূপ। এজন্য কর্তৃপক্ষীয় নীরবতাকেই দায়ী করছেন সবাই। দুর্গন্ধে লোকজনকে নাক চেপে চলাচল করতে দেখা যায়। এ অবস্থায়, সড়ক দ্বীপে ময়লা ফেলা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
