বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা থেকে ৮০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা নদীর মোহনায় মনপুরা দ্বীপের অবস্থান। বিচ্ছিন্ন এ দ্বীপটি নানান সমস্যায় জর্জরিত। এর মধ্যে প্রধান হলো বিদ্যুতের অসুবিধা। মনপুরার উপজেলায় সদর হাজীরহাট ইউনিয়ন যেখানে সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত টেনেটুনে বিদ্যুত্ চলছে, তাও লোডশেডিং হয় বহুবার। অন্যদিকে বাকি ইউনিয়নগুলোতে ইউনিটপ্রতি ৩০ টাকা মূল্যের সোলার কোম্পানিগুলোর বিদ্যুতের নামে চলছে নানা অনিয়ম। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়েও এ দ্বীপের মানুষগুলো জাতীয় গ্রিডের বিদ্যুত্ সুবিধা থেকে বঞ্চিত। ভোলার বিভিন্ন চরে জাতীয় গ্রিডের বিদ্যুত্ পৌঁছালেও মনপুরা দ্বীপের বাসিন্দারা বঞ্চিত। অবিলম্বে মনপুরায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিড লাইনের বিদ্যুত্ সংযোগ দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহানা আক্তার মিতু
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
