ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী সীমিতভাবে পালন করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, কবরে পুষ্পস্তবক অর্পণ, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও ভার্চুয়াল আলোচনাসভার মধ্য দিয়ে জিয়াউর রহমানকে স্মরণ করে দলটি। ঢাকার বাইরেও জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছেন নেতাকর্মীরা। সেখানেও দলীয় পতাকা অর্ধনমিত ও দুস্থ-অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা নগরস্থ তার মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনগুলো। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পরে রাজধানীর দক্ষিণ ও উত্তরের মোট ১৯টি স্থানে দুস্থদের মধ্যে খাবারসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা।
‘আওয়ামী লীগ কখনোই কোনো শুভ কাজ করেনি’:কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের উদার রাজনৈতিক ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে। তারাই আজকে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে। আওয়ামী লীগ এই দেশকে নির্মাণের জন্য কখনোই কোনো শুভ কাজ করেনি।
