মধ্য আফ্রিকায় মিশনে যাচ্ছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য

আপডেট : ৩০ মে ২০২১, ২১:১৮

বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট-এর ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত রবিবার বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ মধ্য আফ্রিকান রিপাবলিকগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন।

এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।

বিমান বাহিনীর প্রধান মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ১২৫ জন সদস্যসহ নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ এবং সমরাস্ত্র ব্যবহার উপযোগী তিনটি এম আই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।-আইএসপিআর