গাজীপুরে রেডিমিক্স কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট : ৩০ মে ২০২১, ২১:১৯

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে একটি রেডিমিক্স কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় কনসেপ্ট কংক্রিট লিমিটেড নামক একটি রেডিমিক্স তৈরি কারখানা পরিবেশ দূষণ করে উত্পাদন কার্যক্রম পরিচালনা করছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ঐ কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং যথাযথ পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত না করা পর্যন্ত কারখানার উত্পাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।