তামাকপণ্যে কার্যকর করারোপের দাবি

আপডেট : ৩০ মে ২০২১, ২১:১৯

উন্নয়ন সমন্বয়ের প্রাক্বাজেট আলোচনা

ইত্তেফাক রিপোর্ট

তামাকের ব্যবহার কমাতে প্রতি অর্থবছর কর বাড়ানো হচ্ছে। কিন্তু মানুষের আয় বৃদ্ধির কারণে কর বাড়ানোর কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। তাই সিগারেট, বিড়ি, গুল, জর্দাসহ সব ধরনের তামাকপণ্যে আরো কার্যকর করারোপের জন্য সংশ্লিষ্ট সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে। আর এক্ষেত্রে অল্প অল্প করে কর না বাড়িয়ে একসঙ্গে বেশি মাত্রায় কর বাড়িয়ে একটি ‘বড় ধাক্কা’ দেওয়া দরকার বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের কয়েক জন সদস্য। গতকাল রবিবার উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘তামাকপণ্যে আরো কার্যকর করারোপ :আসন্ন বাজেট অধিবেশনে মাননীয় সংসদ সদস্যদের কাছে প্রত্যাশা’ শীর্ষক প্রাক্বাজেট বৈঠকে তারা এ কথা বলেন। ভার্চুয়াল পদ্ধতিতে এই বৈঠকের আয়োজন করা হয়।

 আলোচনায় অংশ নেন এমপি মো. সাহিদুজ্জামান, এমপি মো. আফতাব উদ্দিন সরকার, এমপি মো. মনোয়ার হোসাইন চৌধুরী, এমপি বিরেন শিকদার, এমপি মো. নুরুল ইসলাম তালুকদার প্রমুখ। বৈঠক সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ড. আতিউর রহমান।