গোপালগঞ্জে সেচ প্রকল্পের বাঁধ ঘেঁষে বালু উত্তোলন

আপডেট : ৩০ মে ২০২১, ২১:২০

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে তারাইল-পাঁচুড়িয়া সেচ প্রকল্পের বাঁধ ঘেঁষে ঘোনাপাড়া খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের জাকিরুল ইসলাম মিন্টু মোল্লা ঐ খালে অবৈধ ড্রেজার বসিয়ে গত পাঁচ দিন ধরে বালু তুলছেন। এতে ঐ সেচ প্রকল্পের বাঁধ ও একটি পোল্ডার হুমকির মুখে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ঘোনাপাড়া গ্রামের একাধিক ব্যক্তি জানায়, বন্যানিয়ন্ত্রণ ও সেচ সুবিধার জন্য গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা নিয়ে সরকার তারাইল-পাচুড়িয়া সেচ প্রকল্প বাস্তবায়ন করে। এ প্রকল্প থেকে তিন উপজেলার অন্তত ২ লাখ কৃষক সুফল পাচ্ছে। ঐ প্রকল্পের সুবাদে এ অঞ্চলে ধানসহ ফসলের উত্পাদন বৃদ্ধি পেয়েছে। ঐ বাঁধের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের গোবরা রেলওয়ে স্টেশনের উত্তর পাশের ঘোনাপাড়া খালের পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ও পোল্ডারের জায়গা নিজের দাবি করে গোবরা গ্রামের ব্যবসায়ী মিন্টু মোল্লা খালে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। এতে ঐ খালের পাড় ধসে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযুক্ত জাকিরুল ইসলাম মিন্টু মোল্লা বলেন, খাল ও বাঁধের জায়গা আমার পৈতৃক ও রেকর্ডীয় সম্পত্তি। এ কারণে এখান থেকে আমি বালু উত্তোলন করছি। আমার একটি মত্স্য প্রজেক্টের রাস্তা বানাতে বালু তুলছি। বালু উত্তোলনের বিষয়টি ছোটখাট ব্যাপার। আপনারা ওভারলুক করবেন।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি থেকে বালু উত্তোলন করা যাবে না। এতে ভূমি ধসের আশঙ্কা থাকে। তাই বালু উত্তোলন বন্ধে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের পাঠিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের গোপালগঞ্জ সদর উপজেলার উপবিভাগীয় প্রকৌশলী মীর শাহিনুর রহমান বলেন, ঘোনাপাড়া খাল, পোল্ডার ও সেচ প্রকল্পের বাঁধ পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি। এ সেচ প্রকল্প গোপালগঞ্জ জেলার তিন উপজেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেচ প্রকল্পের বাঁধ রক্ষার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের। ঐ খাল থেকে বালু উত্তোলনের ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। যেকোনো ভাবেই খাল থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।