আন্তর্জাতিক গ্যারান্টেড বন্ড ইস্যু করেছে প্রাণ অ্যাগ্রো লিমিটেড

আপডেট : ৩০ মে ২০২১, ২১:২৮

বাংলাদেশের অন্যতম কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত কোম্পানি প্রাণ অ্যাগ্রো লিমিটেড ২১০ কোটি টাকার (২৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ) অরূপান্তরযোগ্য ও রিডেমবল বন্ডের লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। এটির শতভাগ ক্রেডিট গ্যারান্টি হিসেবে রয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্যারান্টকো এবং চলতি মাসের ১৯ তারিখে এ বন্ডে পুরো বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। সাত বছরমেয়াদি এ কুপন বন্ড বাংলাদেশে এই ধরনের প্রথম বন্ড এবং এটি কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানির অবকাঠামো নির্মাণের অর্থায়নের ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে বাংলাদেশের আর্থিক খাতে বেশ কয়েকটি অর্জন সাধিত হয়েছে। এটিই এ ধরনের প্রথম ব্লেন্ডেড ফাইন্যান্স স্ট্রাকচারড বন্ড এবং আন্তর্জাতিক গ্যারান্টেড প্রথম বাংলাদেশি বন্ড। এ বন্ডে বিনিয়োগ করেছে একটি আন্তর্জাতিক বিমা কোম্পানি এবং প্রাইভেট প্লেসমেন্টের আওতায় প্রথম ডিজিটাইড বন্ড। বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপে ১ লাখ চুক্তিভিত্তিক কৃষক রয়েছেন এবং এ গ্রুপের অধীনে ১ লাখ ১০ হাজার লোক কাজ করছেন। এ বন্ডের অর্থ কৃষির সাপ্লাই চেইন এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কর্মকাণ্ড সম্প্রসারণে ব্যবহার করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি