ঈশ্বরদীর মুলাডুলি শেখপাড়া এলাকায় পাবনা-নাটোর মহাসড়কে তিনটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সংঘর্ষে ট্রাকের দুই হেলপার ও এক জন ভ্যানচালক আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গতকাল রবিবার বিকালে ত্রিমুখী এই সংঘর্ষের পর সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যানজট নিরসন করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী শেখপাড়ার বাসিন্দা শরীফুল ইসলাম শরীফ জানান, বিকাল ৫টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের শেখপাড়া এলাকায় দ্রুত গতিতে যাওয়ার সময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত দুই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের দুই জন হেলপার ও এক জন ভ্যানচালক আহত হন। এ ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। মুলাডুলি থেকে দাশুড়িয়া মোড় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
