পদ্মায় ট্রলার ছিনতাইয়ের সময় গণপিটুনিতে নিহত ১

আপডেট : ৩১ মে ২০২১, ০০:২৭

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ট্রলার ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ সময় গণপিটুনিতে গুরুতর আহত হয় আরো দুই ছিনতাইকারীসহ ট্রলারচালক। গত শনিবার শরিয়তপুর জেলার জাজিরায় এ ঘটনা ঘটে।

লৌহজংয়ের মাওয়া নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ জে এম সিরাজুল কবির জানান, গত শনিবার সন্ধ্যায় লৌহজং উপজেলার শিমুলিয়া ৪ নম্বর ভিআইপি ফেরিঘাট থেকে অজ্ঞাত চার জন ব্যক্তি পদ্মায় ভ্রমণের কথা বলে ২ হাজার ৫০০ টাকায় স্থানীয় মাঝি আমিনুলের ট্রলারটি ভাড়া করে। পরে ভাড়াকৃত ট্রলারটি পদ্মার পালেরচরে গেলে ঐ ব্যক্তিরা মাঝির ওপর হামলা করে। মাঝির হাত-পা, চোখ-মুখ বেঁধে বাবুরচর নামক স্থানে তাকে ফেলে ট্রলারটি নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা আহত মাঝিকে উদ্ধার করে ছিনতাই করা ট্রলারের পেছনে ধাওয়া করে চিত্কার করতে থাকে ডাকাত বলে। পরে নৌ-পুলিশ খবর পেয়ে পদ্মার চর থেকে তিন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় এক ছিনতাইকারী পালিয়ে যায়। আটককৃতদের পাড়ে নিয়ে এলে ক্ষিপ্ত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে তিন ছিনতাইকারীই গুরুতর আহত হয়। আহত ছিনতাইকারীদের পুলিশের হেফাজতে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় রাতে ফয়সাল (৩৫) নামে এক জনের মৃত্যু হয়। দুই ছিনতাইকারী ও ট্রলার মাঝিসহ তিন জন লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে।

লৌহজং থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন জানান, গণপিটুনিতে এক ছিনতাইকারী মারা গেছে। মরদেহ এবং ছিনতাইকারীরা নৌ-পুলিশের হেফাজতে রয়েছে।