খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে মহিলাসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
শুক্রবার রাতে আটককৃত ১০ ব্যক্তিকে শনিবার সকালে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতরা হলেন- দীলিপ সরকার (৩৫), প্রশান্ত কুমার দে(৩৭), অপু বিশ্বাস(৩২), জলদাস সর্দার (৫৫), চমতকার মোহন দত্ত (৫৭), প্রভূত বসাক (৫৯), রতন মজুমদার (৫৫), মনোষ দত্ত(৩২), রতন দাস (৪৫) ও মনিলা দাস (৪৫)। এরা চট্টগ্রাম ও কুমিল্লা জেলার অধিবাসী।
বিজিবি জানায়, শুক্রবার রাতে রামগড়ের মহামুনি সীমান্ত দিয়ে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে এরা বাংলাদেশে প্রবেশ করে। ৪৩ বিজিবির মহামুনি ক্যাম্পের নায়েক সুবেদার ফরিদের নেতৃত্বে একটি টহলদল অবৈধ পারাপারের দায়ে এদের আটক করে।
আটককৃতরা জানান, তারা কীর্ত্তনীয়া দলের সদস্য। গত ১৩ নভেম্বর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তারা ভারতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে রামগড় সীমান্ত দিয়ে দেশে ফেরার পর তারা বিজিবির হাতে আটক হন।
বিজিবির মহামুনি ক্যাম্পের হাবিলদার বদিউজ্জামান বাদি হয়ে অবৈধ সীমান্ত পারাপারের অপরাধে তাদের বিরুদ্ধে রামগড় থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/ইউবি
