সিংড়ায় ছেলের হাতে মা খুন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৩

নাটোরের সিংড়ায় ছেলের হাতে মা জরিনা বেগম (৬০) খুন হয়েছেন। তার ছেলে জিয়াউল (৪০) মানসিক রোগী বলে জানায় নিহতের পরিবার। স্থানীয়রা জানান, প্রতিবন্ধী ছেলের দ্বারা প্রায়ই নির্যাতনের শিকার হতেন জরিনা।

শুক্রবার সকালে স্থানীয়রা জরিনাকে মৃত অবস্থায় তার শোবার ঘরে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারসহ ছেলে প্রতিবন্ধী জিয়াউলকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুণ্ডরী গ্রামের মৃত মোহাম্মাদের স্ত্রী জরিনা ও তার ছেলে জিয়াউল একসাথে বসবাস করছিল। গত সাত বছর আগে জিয়াউর মানসিক রোগে আক্রান্ত হয়। এরপর থেকে জরিনা প্রায়ই তার ছেলের দ্বারা নির্যাতিত হতেন। শুক্রবার সকালে জরিনাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায়।
 
অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান ও অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ সময় ছেলে জিয়াউলকে আটকসহ নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু জানান, জিয়াউল বেশ কয়েক বছর আগে মানসিক রোগে আক্রান্ত হয়।ধারনা করা হচ্ছে, তার ছেলের লাঠির আঘাতে জরিনার মৃত্যু হয়েছে।

আরো পড়ুন: আবার ‘দিলবার দিলবার’

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। 

ইত্তেফাক/অনি