আশুলিয়ায় পোশাক শ্রমিককে অপহরণের পর গুলি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৯

সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে অপহরণ করে নিয়ে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শিল্পাঞ্চল জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওই শ্রমিককে গতকাল শুক্রবার ভোর রাতে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ওই শ্রমিকের নাম জাহিদ হোসেন (৩৮)।  

গুলিবিদ্ধ শ্রমিকের স্বজনরা জানান, ‘জাহিদ আশুলিয়ার জামগড়ার মোল্লা বাড়িতে ভাড়া থেকে পলাশবাড়ি এলাকার উইলিয়াম সোয়েটার কারখানায় কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন জাহিদ। এ সময় জামগড়া এলাকার হিরণ গার্মেন্টেসের সামনে পৌঁছুলে দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেলযোগে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ছয়তলার এলাকার রূপায়নের মাঠে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা ওই শ্রমিককে মারপিট শেষে গুলি করে হত্যার চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলি জাহিদের বাম পায়ে বিদ্ধ হয়। পরে দুর্বৃত্তরা সেখানে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।’

এরপর জাহিদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখান তার অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জাহিদ জানান, ‘সন্ত্রাসীরা আমাকে জোর করে তুলে নিয়ে গুলি করে হত্যার চেষ্টা চালায়। আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি। যারা আমাকে গুলি করেছে তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করবো।’

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় এসএসসির এক পরীক্ষার্থীর পরীক্ষার আয়োজন রাতের বেলায়

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/নূহু