চন্দ্রগ্রহণ

আপডেট : ০১ জুন ২০২১, ২০:৩৯

মাধব রায়, কথাসাহিত্যিক, সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান)

ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট

গত সংখ্যার পর

চন্দ্রগ্রহণ কী পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায়? বলল অণু।

হ্যাঁ, পৃথিবীর ছায়া চাঁদের তুলনায় অনেক বড়। আর তাই সম্পূর্ণ রাত্রির গোলার্ধ থেকে চাঁদ এবং চন্দ্রগ্রহণ দেখা যায়। অর্থাত্ পৃথিবীর অর্ধেক অংশ থেকে দেখা যায় প্রতিটি চন্দ্রগ্রহণ। তবে কোথাও কোথাও আংশিকভাবে দেখা যায়।

চন্দ্রগ্রহণ প্রতিবছরই হয়? বললো চন্দ্রা।                                                 

হ্যাঁ, গড়ে প্রতি বছরই চন্দ্রগ্রহণ হয়। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দুবছরে একবার হয়। ২০১৯ এর ২১ জানুয়ারি একবার হয়েছিল।

অন্য গ্রহেও কি চন্দ্রগ্রহণ হয় বাবা ? বললো বিন্দু। সবাই হাসল বিন্দুর কথা শুনে।

নীলকান্তবাবু বললেন— হ্যাঁ, হতে পারে। যেমন মঙ্গলগ্রহের একটা উপগ্রহের নাম ফোবোস। মঙ্গলের ছায়া ফোবোসের ওপর পড়লে আমরা মঙ্গলের গ্রহণ দেখতে পাব। গ্রহণ হলো একের ছায়া অন্যের ওপর পড়ার ব্যাপার।

চন্দ্রগ্রহণের সময় কিছু খেতে নেই? প্রশ্ন করলেন কমলা।

কে বলেছে?

কেউ কেউ বলে গ্রহণের সময় কিছু খেতে নেই, মাটি খুঁড়তে নেই। পৃথিবী নাকি তখন পাপে ছেয়ে যায়, মা-কে বলতে শুনেছি।

এসব কথাবার্তার কোনও ভিত্তি নেই। মানুষ যখন কোনও বিষয়ে সঠিক তথ্য জানে না, তখন নিজের মতো করে একটা কিছু ভেবে নেয়।

না না, কণিকা যখন পেটে, তখন গ্রহণ হয়েছিল। মা আমাকে কত কী নিষেধ করেছিলেন ! এটা  করো না, এটা খেয়ো না,...

নীলকান্তবাবু হেসে বললেন— বিভিন্ন দেশের লোকজন এরকম ভাবত। জাপানিরা মনে করত চন্দ্রগ্রহণের সময় আকাশ থেকে বিষ নিঃসৃত হয়। তাঁরা তখন পানীয় জলের মুখ  ঢেকে রাখত, যাতে বিষাক্ত হতে না পারে। আর ৮৪০ খ্রিষ্টাব্দের ৫ মে, ফ্রান্সের  সম্রাট লুইস পাঁচ মিনিটের চন্দ্রগ্রহণ দেখে এতটাই ভীত হয়েছিলেন যে, তিনি মৃত্যুই বরণ করেন। ভারতীয়রা মনে করত বোয়াল মাছ চাঁদকে পানিতে ডুবিয়ে রাখে আবার ভাসিয়ে দেয়। ফলে চাঁদের আলো কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়।

অবাক হলো সবাই। বলল— মজার তো!

আরও মজার ঘটনা শোনো, —বললেন নীলকান্তবাবু। ১৫০৩ খ্রিষ্টাব্দে কলম্বাস আমেরিকা ভ্রমণের সময় জ্যামাইকা উপকূলে প্রায় এক বছর নাবিকদের নিয়ে আটকে ছিলেন। তাঁর জাহাজ মারাত্মকভাবে  ক্ষতিগ্রস্থ হয়েছিল। তিনি জ্যামাইকাবাসীদেরকে তাঁর নাবিকদের  খাবার সরবরাহে বাধ্য করলেন। এক পর্যায়ে জ্যামাইকানরা  খাবার সরবরাহ করতে অস্বীকার করল।

কলম্বাস জানতেন ১৫০৪ সালের ২৯ ফেব্রুয়ারি একটা চন্দ্রগ্রহণের তারিখ। তিনি জ্যামাইকানদের বললেন— তোমাদের অসহযোগিতায় ঈশ্বর অসন্তুষ্ট হয়েছেন। আমি ঈশ্বরকে বলব চাঁদকে আকাশ থেকে অদৃশ্য করে দিতে।

চন্দ্রগ্রহণে চাঁদ অদৃশ্য হয়ে যাওয়ায় জ্যামাইকানরা ভাবল আসলেই ঈশ্বর নাখোশ হয়েছেন। তখন তাঁরা খাবার দিতে রাজি হলো এবং বলল ঈশ্বরকে বলতে, তিনি যাতে তাদের ক্ষমা করে দেন। কতক্ষণ পর তারা আকাশে আবার চাঁদ দেখতে পেয়ে আশ্বস্ত হলো। ভিয়েতনামের মানুষের বিশ্বাস, দানবাকৃতির ব্যাঙ চাঁদ কিংবা সূর্যকে খেয়ে ফেললে গ্রহণ হয়।

                পরের অংশ আগামী শনিবার