স্বামী গ্রেফতার
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বগুড়ার গাবতলী সৈয়দ আহম্মেদ কলেজের ছাত্রী নাজনিন আক্তারকে হত্যা করে লাশ গুমের অভিযোগে তার স্বামী সাকিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ঝাড়ুদার সাকিব হোসেন হাওলাদারকে (২২) নিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহরগ্রামে মঙ্গলবার দিনভর অভিযান চালায় পুলিশ। এ সময় সাকিবের বাবা ভ্যানচালক আ. করিম হাওলাদারের ভাড়া বাসার সেপটিক ট্যাংক থেকে খুনের আলামত উদ্ধার করা হয়। নিহত কলেজছাত্রী নাজনিন আক্তারের ভাই আ. আহাদ প্রামাণিক বলেন, গত ২৪ মে ভগ্নিপতি সাকিব হোসেন হাওলাদার তার বাবার অসুস্থতার কথা বলে আমার বোনকে নিয়ে গৌরনদীতে আসে। পরবর্তী সময়ে তাদের মুঠোফোন বন্ধ ও কোনো প্রকার যোগাযোগ না থাকায় ২৬ মে আমার বাবা আব্দুল লতিফ বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়ারি ও সেনানিবাসে অভিযোগ দায়ের করেন। সাকিব হোসেন হাওলাদার স্বীকারোক্তিতে প্লাস্টিকের রশি দিয়ে তার স্ত্রীকে গলায় ফাঁস ও বালিশ চাপা দিয়ে হত্যা করে সেপটিক ট্যাংকিতে লাশ গুম করার কথা জানিয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, ট্যাংকি থেকে লাশের শরীরের বিভিন্ন অংশের চামড়াসহ নখ এবং পরিধেয় ওড়না উদ্ধার করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
