নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে ১৩টি ঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে ও আরো ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে এ ঘটনায় আটককৃত সাত জনকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। নোয়াগাঁও গ্রামবাসীর অভিযোগ, গত ৩০ মে সাতাইহাল গ্রামের কয়েক হাজার লোক দেশীয় অস্ত্র নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা করে লুটপাট, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর চালায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় ৪৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০০/২৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
