বাইশারাবাদ আশ্রয়ণের একই স্থানে দুই প্রকল্প!

আপডেট : ০১ জুন ২০২১, ২১:০৫

খুলনা জেলার পাইকগাছা উপজেলা গদাইপুর ইউনিয়নের বাইশারাবাদ বিলে একই জায়গায় দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০ বছর আগে নির্মাণ করা আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে সম্প্রতি নির্মাণ করা হচ্ছে আশ্রয়ণ প্রকল্প-২। বাসিন্দাদের অভিযোগ এভাবে একটি ঘরের সামনে আর একটি ঘর নির্মাণ করায় চলাচলসহ বসবাসে অসুবিধার সৃষ্টি হবে।

২০০০ সালে বাইশারাবাদ বিলের মধ্যে সরকারি ৯.১১ একর জমি আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত হয়। এর মধ্যে ১.৫০ একর জমিতে পূর্ব-পশ্চিম লম্বা করেটিনের বেড়া ও ছাউনি দিয়ে দুই সারিতে ৬০টি ঘর নির্মাণ করা হয়েছে। চলাচলের জন্য সারি দুটির মধ্যে জায়গা রাখা হয় প্রায় ৬০ ফুট। উপজেলার বিভিন্ন এলাকার গৃহহীন ৬০ পরিবারের মধ্যে ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়। ২০ বছর আগের ঘর আর সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে চলাচলের জন্য রাখা ফাঁকা জায়গায় আশ্রায়ণ প্রকল্প-২-এ নতুন করে ২৮টি ঘর নির্মাণ করা হচ্ছে। পুরাতন আর নতুন ঘরের মধ্যে ৫-৬ ফুটের মতো জায়গা থাকছে। ২৮টি ঘর নির্মাণ করার সময় ঘোষণা দেওয়া হয় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে বরাদ্দ হবে। কারণ তাদের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সেজন্য তারা ঘরের সামনে থাকা রান্নাঘর, গাছপালা কেটে জায়গা পরিষ্কার করে দেয়। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বসবাসের জন্য সুব্যবস্থা করা হবে বলে আশা করি।

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা, খুলনা