চট্টগ্রাম অফিস
বাজেটকে সামনে রেখে চট্টগ্রাম চেম্বার ব্যবসায়ীদের সুরক্ষাসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকের ক্লাসিফাইড ঋণ নীতিমালা পরিবর্তনের দাবি জানিয়েছে। গ্রুপের একটি প্রতিষ্ঠান ব্যাংকে ক্লাসিফাইড হলে অন্য প্রতিষ্ঠানসমূহ লোনসহ ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর সুযোগ থাকতে হবে। লিজিং কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। গতকাল সোমবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাজেটে চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা ও পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন চট্টগ্রাম চেম্বারের একগুচ্ছ প্রস্তাবনা উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক লাইফলাইন চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পকে সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ফাস্টট্রেক প্রকল্প হিসেবে গ্রহণ করতে হবে। বে-টার্মিনাল ডেলিভারি ইয়ার্ড নির্মাণসহ চট্টগ্রামে গৃহীত মেগা প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে তিনি করোনার কারণে ব্যাংকের রিপেমেন্ট শিডিউল এক বছর বর্ধিত করার প্রস্তাব করেন। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউয়ে সব পর্যায়ের ব্যবসায়ীদের জন্য আগের সমপরিমাণ প্রণোদনা প্যাকেজ চালুর প্রস্তাব করা হয়। তরফদার মোহাম্মদ রুহুল আমিন দুবাইয়ে বাংলাদেশের বিনিয়োগকারীদের অন্য দেশের মতো নিজ দেশ থেকে বৈধভাবে অর্থ নেওয়া এবং ফেরত আনার ক্ষেত্রে সরকারি নীতিমালা সহজীকরণের প্রস্তাব করেন।
