স্পোর্টস রিপোর্টার
করোনার ধাক্কা সামলে এক বছরেরও বেশি সময় পর মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ফরম্যাট বদলে টি-২০ তে শুরু হওয়া প্রিমিয়ার লিগ প্রথম দিনেই বৃষ্টির বাধার মুখে পড়েছে। গত সোমবার প্রথম রাউন্ডের দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
জুন-জুলাই বাংলাদেশে বর্ষার মৌসুম, স্বাভাবিকভাবেই বৃষ্টি হচ্ছে গোটা দেশে। এর মধ্যেই প্রিমিয়ার লিগ শুরু হয়েছে এবং বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে। গতকাল সকাল থেকেই টানা বৃষ্টি ছিল ঢাকায়। অব্যাহত বৃষ্টিতে ভেসে গেছে মাঠ। প্রিমিয়ার লিগের দুই ভেন্যু মিরপুর ও বিকেএসপিতে কোনো ম্যাচই অনুষ্ঠিত হয়নি। বৃষ্টিতে দিনের ছয়টি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। বৃষ্টিস্নাত দিনে হোটেলবন্দী থেকেই সময় কেটেছে ক্রিকেটারদের।
বৈরী আবহাওয়ার কারণে গতকাল প্রিমিয়ার লিগ নিয়ে দুই রকম সিদ্ধান্ত জানিয়েছিল সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। সকালে দেওয়া সিদ্ধান্ত বদলে গেছে বিকালে। এসেছে নতুন সিদ্ধান্ত।
সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন গতকাল জানিয়েছেন, আজ থেকে টানা চার দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই শুধু প্রিমিয়ার লিগের ম্যাচ হবে। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আলী হোসেন বলেন, ‘আগামীকাল (আজ) থেকে টানা চার দিন শুধু মিরপুর স্টেডিয়ামে খেলা হবে। ২, ৩, ৪, ৫ জুন চার দিনে দুই রাউন্ড শেষ হবে। প্রতিদিন তিনটি করে ম্যাচ। প্রতিদিন সকাল ৯টা, দেড়টা এবং সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হবে। আবহাওয়া ঠিক হলে বিকেএসপিতে আবার ম্যাচ অনুষ্ঠিত হবে। আপাতত মিরপুরেই হবে প্রিমিয়ার লিগের ম্যাচ।’
এর আগে সকালে সিসিডিএম জানিয়েছিল, গতকালকের ছয়টি ম্যাচই বডিলি শিফট করে নেওয়া হবে ৩ জুন। সূচি অনুযায়ী আজ লিগে বিরতিও ছিল। এর মধ্যে আবহাওয়ার উন্নতি সাপেক্ষে দুই ভেন্যুতেই খেলা হবে।
বিকেএসপির চেয়ে মিরপুর স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম অনেক ভালো। গতকাল বৃষ্টিতে ডুবে গেছে বিকেএসপির দুই মাঠ। আগামী কয়েক দিনও বিকেএসপিতে তাই খেলা রাখা হচ্ছে না। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে গতকাল সিসিডিএমের সিদ্ধান্ত বদলে ফেলার যথেষ্ট কারণ রয়েছে। কারণ প্রিমিয়ার লিগ চলতি মাসেই শেষ করতে হবে। আগামী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ দল। ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই প্রিমিয়ার লিগ খেলার পক্ষে একাট্টা। সিসিডিএমের পরিকল্পনা ঠিক থাকলে ২৬ জুনই শেষ হবে প্রিমিয়ার লিগ। সেক্ষেত্রে পুরো লিগ জুড়েই তারকা ক্রিকেটারদের পাবে ক্লাবগুলো।
