উত্তর কোরিয়ায় কিম জং উনের ‘সেকেন্ড ইন-কমান্ড’ পদ সৃষ্টি

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৩১

উত্তর কোরিয়ায় ‘সেকেন্ড ইন-কমান্ড’ নামে একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এজন্য নেতা কিম জং উন তার দলের সংবিধানেও পরিবর্তন এনেছেন। দ্বিতীয় এই ক্ষমতাধর ব্যক্তি কিমের পরে স্থান পাবেন। কিমের মৃত্যুর পর কে ক্ষমতায় আসবেন তা আগেভাগেই নির্দিষ্ট করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানায়, কথিত ফার্স্ট সেক্রেটারি পদের কর্মকর্তা চেয়ারম্যান কিমের হয়ে বিভিন্ন সভায় সভাপতিত্বও করবেন। কিম জং উন সেনাবাহিনীর পরিবর্তে সরকারে তার দলের লোকদের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন। এতদিন ধারণা করা হতো, কিমের পর দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন তার বোন কিম ও জং। তবে এবার হয়তো পদটি পেতে চলেছেন কিমের বিশিষ্টভাজন জো ইয়ং ওন। কিম জং উন নিজেও ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ‘ফার্স্ট সেক্রেটারি’ পদবি ব্যবহার করেছিলেন। গত জানুয়ারিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সম্মেলনে নেতা কিম জং উন দলের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। —রয়টার্স ও ভয়েস অব আমেরিকা