কপ-২৬ এর সভাপতি অলক শর্মা ঢাকায় আসছেন আজ

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৩২

জাতিসংঘের আসন্ন জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-২৬-এর মনোনীত সভাপতি অলক শর্মা দুই দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন। ব্রিটিশ সরকারের মন্ত্রিসভার সদস্য অলক শর্মা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কপ-২৬ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।

সফরকালে অলক শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত্ করবেন। এছাড়া সরকার, ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলোচনা করবেন। তিনি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা ও পরিচ্ছন্ন জ্বালানি অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মতবিনিময় করবেন। ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন মন্ত্রণালয় জানায়, অলক শর্মা ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াও সফর করবেন। উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) অনুষ্ঠিত হবে।