কোভ্যাক্স থেকে বাংলাদেশে ভ্যাকসিনের প্রথম চালানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৩৩

বাংলাদেশে ফাইজার/বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের ১ লাখ ৬ হাজার ডোজ টিকা পৌঁছানোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ ভ্যাকসিনের ন্যায্য প্রাপ্তি নিশ্চিতকরণে গৃহীত বৈশ্বিক উদ্যোগ ‘কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট’-এর মাধ্যমে ভ্যাকসিনের এই প্রথম চালানটি বাংলাদেশে এসেছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন ন্যায্যতার সঙ্গে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সর্ববৃহত্ দাতা দেশ হিসেবে ভ্যাকসিনের বৈশ্বিক জোট গাভিকে পরিকল্পিত ৪০০ কোটি ডলার সহায়তার অংশ হিসেবে সম্প্রতি ২০০ কোটি ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে, যা দিয়ে গাভি কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের মাধ্যমে বিশ্বব্যাপী ন্যায্যতার সঙ্গে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ করছে। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, কোভিড-১৯ মহামারি এই বার্তাই দিয়েছে যে, এর বিরুদ্ধে কোনো একটি দেশ একা কাজ করতে পারে না। এ কারণে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বৈশ্বিক অংশীদারগণ এই মহামারি মোকাবিলায় একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, আমরা এই অভূতপূর্ব বৈশ্বিক স্বাস্থ্য সংকটসহ ভবিষ্যতের সংকটগুলো মোকাবিলায় আরো বেশি সংগঠিত ও সহনশীল ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।