অসুস্থ খালেদা জিয়াকে প্রতিহিংসায় বিদেশে যেতে দিচ্ছে না সরকার —মির্জা ফখরুল

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৪০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে নিতে ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন। কিন্তু সরকার শুধু প্রতিহিংসার কারণে বাইরে যেতে দিতে চায় না। তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। তাদের পায়ের নিচে মাটি নেই। খালেদা জিয়া এখনো কারাগারে। তিনি কারাগারে বলেই দেশের গণতন্ত্র এখন কারাগারে। 

গতকাল মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি কবি আব্দুল হাই সিকদার, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন প্রমুখ।