ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের স্থগিত পরীক্ষাসমূহ আগামী ১৫ জুন থেকে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সেশনজট নিরসনের জন্য মঙ্গলবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের স্থগিত সব পরীক্ষা আগামী ১৫ জুন থেকে স্বশরীরে নেওয়া হবে। নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আবাসিক হল না খোলার শর্তে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট পরীক্ষাসমূহ গ্রহণ করবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানানো হয়। একই শর্তে একাডেমিক কাউন্সিলের আগের সিদ্ধান্ত অনুযায়ী, অন্যান্য সেমিস্টার ফাইনাল, বার্ষিক কোর্স ফাইনাল ও ব্যবহারিক পরীক্ষাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে জুলাইয়ের ১ তারিখ থেকে নেওয়া হবে। তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে হার্ডওয়্যার ও ওয়েটল্যাবভিত্তিক ব্যাবহারিক পরীক্ষা ব্যতীত সব পরীক্ষা অনলাইনে নেওয়া হবে।
এছাড়া সভায় সেশনজট নিরসন এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে লস রিকোভারি প্ল্যান প্রণয়ন করা হয়। এই পরিকল্পনার আওতায় সেমিস্টার পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষাসহ সেমিস্টারকাল ছয় মাসের পরিবর্তে চার মাস এবং বার্ষিক কোর্স পদ্ধতির ক্ষেত্রে ১২ মাসের পরিবর্তে আট মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়।
