আফগানিস্তানে তীব্র সহিংসতার নিন্দা জানিয়েছে ব্রিক্স। সেখানে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত, স্থায়ী ও বিস্তৃত সমাধান চেয়েছেন সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা।
ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা মূলত ব্রিক্স-এর সদস্য। এই রাষ্ট্রগুলোর নামের প্রথম অক্ষর থেকেই সংস্থাটির নামকরণ হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুন) সংস্থাটির সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এক ভার্চ্যুয়াল বৈঠকের আয়োজন করেন। সেখানে তারা আফগানিস্তানে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছেন। সম্প্রতি সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন তারা। দ্রুত দেশটিতে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বক্তারা।

বৈঠকটি আহ্বান করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এতে যোগ দিয়েছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস এলবার্তো ফ্র্যাংকো ফ্রাংকা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্হেই লাভরোভ, চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই এবং দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্দোর।
এক যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা জানান, এই অঞ্চলে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, স্বতন্ত্র, সমৃদ্ধ, সার্বভৌম, শান্তিপূর্ণ আফগানিস্তানের গুরুত্ব অপরিসীম। কিন্তু সম্প্রতি দেশটিতে সহিংস্তা বেড়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। এতে করে সেখানকার বেসামরিক নাগরিকরা পড়েছেন বিপদে। বিশেষ করে নারী ও শিশুরা কঠিন পরিস্থিতির মুখোমুখি।
ইত্তেফাক/টিআর
