হেফাজত নেতাদের গ্রেফতার করতে স্মারকলিপি

আপডেট : ০২ জুন ২০২১, ১৯:০০

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহসহ সকল আসামিদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের কাছে ব্রাহ্মণবাড়িয়াবাসির পক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তির এই স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিতে স্বাক্ষর করেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদ, সাহিত্য একাডেমির সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, ছাত্র সমাজের পক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন। 

জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ। 
ইত্তেফাক/এমএএম