রয়টার্স
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ৩ হাজারের ওপরে উঠেছে। এর পাশাপাশি শনাক্ত রোগীর সংখ্যাও আগের দিনের চেয়ে বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বুধবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, আর একই সময় মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৭ জনের। এর আগের দিন দেশটিতে অনেক দিন পর মৃত্যুর সংখ্যা ৩ হাজারের নিচে নেমেছিল, মৃত্যু হয়েছিল ২ হাজার ৯৭৫ জন রোগীর। নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৮৩২ জনে, আর মৃতের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ১০২ জনে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত, আর মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে। বিশ্ব জুড়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ১৭ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৯ জনে দাঁড়িয়েছে আর মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৬৪ হাজার ৯৫৯ জনের।
