স্পোর্টস রিপোর্টার
বৃষ্টি, সুচিজট পেরিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মাঠে গড়িয়েছে। রোদ্র উজ্জ্বল দিনে গতকাল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মিরপুর স্টেডিয়ামে। দিনের প্রথম দুটি ম্যাচে প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সকালে প্রাইম দোলেশ্বর ১৯ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। দুপুরে মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদের জোড়া হাফ সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৭ উইকেট পরাজিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মিরপুরে টসে হেরে ব্যাট করা শেখ জামালকে দারুণ শুরু এনে দিয়েছিল সৈকত আলী-আশরাফুলের ৬৯ রানের জুটি। এমন ভিত পেয়েও ২০ ওভার শেষে দলটির সংগ্রহ ৭ উইকেটে ১৫১ রান। সৈকত আলী ৩৩ রান করেন। টানা দুই ম্যাচেই রান পেলেন আশরাফুল। গতকাল চারটি ছক্কায় ৩৫ বলে করেন ৪১ রান। পরে নাসির ২০, সোহান ১১, জিয়াউর ২১, সোহরাওয়ার্দী শুভ অপরাজিত ১১ রান করেন। গাজীর পক্ষে মুকিদুল, মাহমুদউল্লাহ ২টি করে, সৌম্য-নাসুম-আরিফুল ১টি করে উইকেট নেন।
লিগে নিজেদের প্রথম ম্যাচে মুমিনুলকে ৭ নম্বরে ব্যাটিং করিয়েছিল গাজী। ৪ বলে তিনটি চারে অপরাজিত ১৩ রান করেছিলেন তিনি। গতকাল বাঁহাতি এ ব্যাটসম্যানকে পাঠানো হয় তিনে। নিজের জায়গা ফিরে পেয়ে মুমিনুলও স্বরূপে ফিরেছেন। ৩৬ বলে ৮টি চারে ৫৪ রান করেছেন তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে গড়েছেন ৯৭ রানের ম্যাচ জেতানো জুটি। তাতেই ১৮.৫ ওভারে ৩ উইকেটে ১৫৬ রান তুলে জয় নিশ্চিত করে গাজী। মাহমুদউল্লাহ ৫১ বলে ৬২ রান করে অপরাজিত ছিলেন। শাহাদাত হোসেন দিপু ১৩, সৌম্য ১৩, জাকির হাসান অপরাজিত ১০ রান করেন। অলরাউন্ড নৈপুণ্যে মাহমুদউল্লাহ ম্যাচ-সেরা হন।
এর আগে দিনের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বর আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৯ রান তুলেছিল। ইমরানুজ্জামান ৪০, ফজলে মাহমুদ ১৪, সাইফ হাসান ২৮, মার্শাল আইয়ুব ২১, শামীম পাটোয়ারি ১৬, শরীফুল্লাহ অপরাজিত ১৫ রান করেন। খেলাঘরের খালেদ আহমেদ, মাসুম খান ২টি করে উইকেট পান। জবাবে ২০ ওভারে ১৩০ রানে অলআউট হয় খেলাঘর। রিশাদ ৩৭, ফরহাদ হোসেন ৩৩, সালমান ১৪, মিরাজ ১২ রান করেন। দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি, রেজাউর, এনামুল জুনিয়র ২টি করে উইকেট পান। ১৭ বলে ৪০ রান করা ইমরানুজ্জামান ম্যাচ-সেরা হন।
