স্পোর্টস ডেস্ক
ক্রিকেট বিশ্বায়নের কথা বললেও এতদিন বিশ্বকাপে পূর্ণ সদস্য সব দেশের খেলার পথই বন্ধ করে রেখেছিল আইসিসি। অবশেষে সঠিক পথে পা বাড়িয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সংখ্যা ১৬ থেকে বেড়ে হচ্ছে ২০, আর ওয়ানডে বিশ্বকাপে দলের সংখ্যা ১০ থেকে ১৪ করা হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বোর্ড সভায় ২০২৪ থেকে ২০৩১ সালের ৮ বছরের চক্রে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছরই থাকছে একটি করে আইসিসি টুর্নামেন্ট।
পুরুষদের ক্রিকেটে ১৪ দল ও ৫৪ ম্যাচের ওয়ানডে বিশ্বকাপ দুটি হবে আগামী ২০২৭ ও ২০৩১ সালে। এ সময়ে পুরুষ ক্রিকেটে হবে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৫৫ ম্যাচের আসরগুলো হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। সেখানে প্রাথমিক পর্ব থেকেই সবগুলো দল অংশগ্রহণ করবে। চার গ্রুপে থাকবে পাঁচটি করে মোট ২০ দল।
এই সময়ে ৮ দলের দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করবে আইসিসি। ২০২৫ ও ২০২৯ সালে মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি। ২০১৭ সালে সর্বশেষ হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে। মেয়েদের ক্রিকেটে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। পরের তিন আসরে অংশ নিবে ১২টি করে দল। ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ৮ দল, চার বছর পরের আসরে দল থাকবে ১০টি। ২০২৭ ও ২০৩১ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে ৬টি করে দল। এদিকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ভারতকে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। ভারতের মাটিতেই বিশ্বকাপ আয়োজনের চেষ্টায় আছে বিসিসিআই। সেটি সম্ভব না হলে বিশ্বকাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
