লেনদেন ২ হাজার ৩০০ কোটি টাকা ছাড়াল
ইত্তেফাক রিপোর্ট
দুই দিন কিছুটা মূল্য সংশোধন হওয়ার পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে আবার ঊর্ধ্বমুখী ধারা দেখা দিয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম। সেই সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর আগে গত সপ্তাহের শেষ তিন কার্যদিবস এবং চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ারবাজরে মূল্যসূচকের বড় উত্থান হয়। টানা বাড়ার পর সোমবার ও মঙ্গলবার কিছুটা মূল্য সংশোধন হয়।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহসূচক দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ১৪৬টির। আর ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৮৭ কোটি ৩২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৯০৩ কোটি ৫২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩৮৩ কোটি ৮০ লাখ টাকা। টাকার অঙ্কের ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৮৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের ৬৯ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৭ কোটি ৭৮ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—গ্লোবাল ইনসিওরেন্স, রূপালি ইনসিওরেন্স, বিডি ফাইন্যান্স, এবি ব্যাংক, ইফাদ অটোস, নর্দান ইসলামী ইনসিওরেন্স এবং গ্রিন ডেলটা ইনসিওরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৬৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৩৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৮টির দাম বেড়েছে। বিপরীতে ১২১টির দাম কমেছে এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।
