জলবায়ুর ঝুঁকি রোধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ

আপডেট : ০২ জুন ২০২১, ২২:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আশা করে যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়গুলো আন্তর্জাতিক ফোরামগুলোতে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশসহ জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদিও বাংলাদেশে কার্বন নিঃসারণের হার খুবই কম। তবুও আমরা মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছি। এলক্ষ্যে আমরা গ্রিন অ্যানার্জির দিকে যাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গতকাল বুধবার সকালে সৌজন্য সাক্ষাত্ করেছেন জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) সভাপতি ও ব্রিটিশ এমপি অলোক শর্মা। সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

 ইহসানুল করিম জানান, বৈঠকে জলবায়ুর পরিবর্তন পরিস্থিতি, এর বৈশ্বিক বিরূপ প্রভাব, অভিযোজন, প্রশমন এবং জলবায়ু তহবিল এবং করোনা মহামারিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি হিসেবে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন অলোক শর্মা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নভেম্বরে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় পরবর্তী কপ-২৬ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি।