টিকটক স্টার বানাবে বলে দেড় হাজার নারী পাচার

আপডেট : ০২ জুন ২০২১, ২২:০৭

টিকটকের স্টার বানানোর প্রলোভনে দেখিয়ে পাচারের শিকার ভারত ফেরত এক তরুণী পাচারকারী ও নিপীড়কদের বিভত্স নির্যাতনের তথ্য তুলে ধরেছেন পুলিশের কাছে।  অপর এক তরুণীকে নির্যাতনের ঘটনায় সমপ্রতি ভারতে গ্রেফতার মগবাজারের ‘টিকটক’ হূদয় বাবু এই নারী চক্রের সমন্বয়ক। এই চক্রের মাধ্যমে প্রায় দেড় হাজার নারী পাচারের শিকার হয়েছেন।

ভারত ফেরা ওই তরুণীর বরাত দিয়ে গতকাল বুধবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ শহীদুল্লাহ। ভারতে শারীরিক নির্যাতন ও বিকৃত যৌন নির্যাতনের শিকার ওই তরুণী ৭৭ দিন পর দেশে ফেরেন। এর পর গত মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় মানবপাচার প্রতিরোধ আইনে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় সাতক্ষীরার সীমান্তবর্তী দাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন ও আবদুল কাদের নামে তিন জনকে গ্রেফতার করা হয়। তারা ভারতে প্রায় এক হাজার নারীকে পাচারে সীমান্ত পার হতে সরাসরি সহায়তা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

চার জন রিমান্ডে : টিকটকের মডেল বানানো ও উচ্চ বেতনে চাকরির প্রলোভনে নারী পাচারকারীচক্রের অন্যতম মূলহোতা আশরাফুল মন্ডল ওরফে বস রাফিসহ র্যাবের হাতে গ্রেফতার চারজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ডিসি তেজগাঁও যা বলেন : পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ভারত ফেরত ওই তরুণীর সঙ্গে ২০১৯ সালে হাতিরঝিলে মধুবাগ ব্রিজে হূদয় বাবুর পরিচয় হয়। টিকটক স্টার বানাতে চেয়ে ও ভালো বেতনের চাকরির অফার দিয়ে ভিকটিমকে প্রলুব্ধ করার চেষ্টা করেন হূদয় বাবু। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ৭০-৮০ জনকে নিয়ে টিকটক হ্যাংআউট এবং ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর গাজীপুরের আফরিন গার্ডেন রিসোর্টে ৭০০-৮০০ জন তরুণ-তরুণীকে নিয়ে পুল পার্টির আয়োজন করে হূদয় বাবু। গত ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় বাউল লালন শাহ মাজারে আয়োজিত টিকটিক হ্যাংআউটে নিয়ে যাওয়ার কথা বলে আন্তর্জাতিকভাবে সক্রিয় এই মানবপাচারকারী চক্রের অন্যান্য সহযোগীদের সহায়তায় কৌশলে ভিকটিমকে ভারতে পাচার করে হূদয় বাবু। ডিসি আরো জানান, ব্যাঙ্গালুরুতে পৌঁছার কয়েকদিন পরই ভিকটিমকে চেন্নাইয়ের একটি হোটেলে ১০ দিনের জন্য পাঠানো হয়। তার ওপর চলে অমানবিক শারীরিক ও বিকৃত যৌন নির্যাতন। তাকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে কিংবা জোরপূর্বক বিবস্ত্র করে ভিডিও ধারণ করে পরিবারের সদস্য ও পরিচিতদের তা পাঠিয়ে দেয়ার হুমকি দিয়ে জিম্মি করে রাখা হয়।

রাজশাহীতে তিন তরুণীসহ ৯ টিকটকার আটক : মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীতে টিকটিক ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ার সময় তিন তরুণীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

গফরগাঁওয়ে দুই বোনকে ভারতে পাচার

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, টিকটকের নামে দুই বোনকে ভারতে পাচার করে তিন লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের হতদরিদ্র পরিবারের দুই তরুণী দুই বছর আগে চাকরি নেয় শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার একটি বিস্কুট কোম্পানিতে। নারী পাচারকারী দলের সদস্য সুজন (৪৫) ও ইউসুফ (২২) এই দুই বোনের সাথে সখ্যতা গড়ে তোলে। সুজন নিজেকে নেত্রকোনার বারহাট্রা উপজেলার এবং ইউসুফ নিজেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লোক হিসেবে পরিচয় দেয়। বর্তমানে দুই বোনের একজন রয়েছে শিয়ালদহ এলাকায় ভারতীয় সরকার পরিচালিত সেফ হোম পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড একশন নেটওয়ার্ক প্রতিষ্ঠানে। অপরজন উদ্ধার হয়ে ভারতের বোঝাপড়া সীমান্ত এলাকায় বিএসএফর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের কাছে।