আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য তিন আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনের জন্য আগামীকাল শুক্রবার থেকে ১০ জুন বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ করবে আওয়ামী লীগ। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিতে হবে।
সংশ্লিষ্ট আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১০ জুন বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিতে হবে। তিন সংসদ সদস্যের মৃত্যুতে ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসন শূন্য হয়েছে। ইতিমধ্যে এসব আসনে নৌকার মনোনয়ন পেতে মাঠে নেমেছেন শতাধিক নেতা। মনোনয়ন প্রত্যাশীর এই সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
এদিকে করোনা মহামারির মধ্যে সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকলেও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত তিন থানা আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শাহআলী থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
