বাংলাদেশকে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি সহায়তা দেওয়া হবে :কপ সভাপতি

আপডেট : ০৩ জুন ২০২১, ০০:৪৫

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) মনোনীত সভাপতি অলোক শর্মা বাংলাদেশকে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় কয়লাভিত্তিক বিদ্যুত্ ইস্যুতে আলোচনা করেছি। এ বিষয়টি শুধু বাংলাদেশের সঙ্গে নয়, সারা বিশ্বে আমরা উত্থাপন করছি। উন্নয়নশীল দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলারের জলবায়ু ফান্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এজন্য দাতা ও উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হতে হবে। এটি আস্থার বিষয় এবং তাদেরকে এই অর্থ সরবরাহ করা জরুরি।  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে রক্ষা করতে হবে। পৃথিবীকে অবশ্যই নিরাপদ রাখতে হবে। অলোক শর্মার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বৃহস্পতিবার (আজ) সুন্দরবন পরিদর্শনে যাবেন।

মন্ত্রী বলেন, আলোক শর্মা যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলো আমাদেরও হূদয়ের কথা। এর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে, এই পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বাঁচাতে হবে। মানুষ ও পৃথিবীকে আমাদের রক্ষা করতে হবে এবং আমরা এটা করতে সক্ষম বলে বিশ্বাস করি। কারণ আমাদের একে-অপরের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে।

তিনি বলেন, ‘আমরা নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে চাই। এজন্য আমরা প্রযুক্তিগত সুবিধা স্থানান্তর করতে চাই। সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা সাহায্য চাই।’ এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, আমরা কয়লাভিত্তিক জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমানোর উদ্যোগ নিচ্ছি। ২০৪১ সালের মধ্যে আমরা মোট জ্বালানির ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি করার পরিকল্পনা করছি।