করোনা ঠেকাতে ভারতে অভিনব প্রতিযোগিতা, পুরষ্কার ৫০ লাখ রুপি

আপডেট : ০৩ জুন ২০২১, ১১:৪৪

করোনা সংক্রমণ কমাতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ভারতের মহারাষ্ট্রে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্প্রতি ‘আমার গ্রাম করোনামুক্ত’ উদ্যোগের সূচনা করেছিলেন। এর আওতায় ‘করোনামুক্ত গ্রাম’ নামে একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। ছয়টি আলাদা অঞ্চলে এ প্রতিযোগিতা হবে। প্রতিটি অঞ্চলের প্রথম স্থান অধিকারী গ্রাম পাবে ৫০ লক্ষ রুপি।

বৃহস্পতিবার (৩ জুন) এখবর দিয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয় মহারাষ্ট্রের গ্রামোন্নয়ণ মন্ত্রী হাসান মুশরিফ বলেছেন, ‘যত দ্রুত সম্ভব বিভিন্ন তালুক, জেলা এবং অবশ্যই গোটা রাজ্যকে করোনার থাবা থেকে মুক্ত করতে হবে। এই বিষয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি ২২টি শর্তের উপর ভিত্তি করে বেছে নেবে বিভিন্ন এলাকার বিজয়ী গ্রামকে।’ প্রতিযোগিতায়  প্রত্যেক অঞ্চল থেকে বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে। তাদের যথাক্রমে ৫০ লক্ষ, ২৫ লক্ষ এবং ১৫ লক্ষ করে টাকা দেওয়া হবে পুরস্কার হিসাবে।

ইত্তেফাক/এসএ