রাবির বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা  

আপডেট : ০৩ জুন ২০২১, ১৮:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগ তাদের ২০১৯ সালের স্থগিত পরীক্ষাসমূহ আগামী ২০ জুনের পর থেকে স্বশরীরে শুরু করতে পারবে। পরীক্ষা শুরুর তারিখ বিভাগীয় একাডেমিক কমিটি নির্ধারণ করবে। 

এছাড়া বিভাগসমূহ ২০২০ সালের যেকোনো একটি বর্ষের/সেমিস্টারের পরীক্ষার কার্যক্রম অনলাইনে ক্লাস শেষ হওয়া সাপেক্ষে আগামী ৪ জুলাই থেকে স্বশরীরে শুরু করতে পারবে। কোন বর্ষের পরীক্ষা শুরু হবে তা বিভাগীয় একাডেমিক কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। পর্যায়ক্রমে ২০২০ সালের বাকি বর্ষগুলোর পরীক্ষা শুরু হবে।

 

বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকদের অংশগ্রহণে এক ভার্চুয়াল মিটিংয়ে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে নিজ নিজ বিভাগ থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

ইত্তেফাক/এমএএম