উদ্বোধনের এক মাস হতে না হতেই বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্লগসাইট। তার ঘনিষ্ঠ সহযোগী জ্যাসন মিলার নিশ্চিত করেছেন, ট্রাম্পের ঐ ব্লগ আর চালু হচ্ছে না। মিলার বলেন, আমাদের যেসব বৃহত্তর প্রচেষ্টা রয়েছে এবং যা নিয়ে কাজ চলছে, এটি ছিল তার একটি সহায়ক মাত্র।
ট্রাম্পের ঐ ব্লগপেজে এখনো যারা ঢুকতে যাচ্ছেন তারা একটি ওয়েব ফরম দেখতে পাচ্ছেন, যেখানে তাদের তথ্য দিলে ইমেইল অথবা টেক্সট মেসেজের মাধ্যমে হালনাগাদ খবরাখবর পাঠানো হবে বলে জানানো হচ্ছে। ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হওয়ার পর গত ৪ মে ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’ নামে ঐ ব্লগ উদ্বোধন করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সে সময় দাবি করা হয়েছিল, ঐ ওয়েবসাইটটি হবে একটি নতুন প্ল্যাটফরম, যার মাধ্যমে ট্রাম্প তার সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ব্লগটির তথ্য প্রথমবার সামনে আনা ফক্স নিউজ সেটিকে একটি ‘নতুন যোগাযোগ প্ল্যাটফরম’ হিসেবে উল্লেখ করে। তবে গত মাসের শেষের দিকে ট্রাম্প সেই দাবি ভুল বলে জানান।
