সামরিক বাহিনী শাসিত মিয়ানমারের একটি আদালত উসকানি ও মিথ্যা সংবাদ ছড়ানোর দায়ে দুই সাংবাদিককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে।
বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মায়িকের একটি সামরিক আদালত ডেমোক্রেটিক ভয়েস অব বার্মার (ডিভিবি) অং কিয়াও এবং মিজ্জিমার ফ্রিল্যান্স প্রতিবেদক জাও জাওকে জান্তাবিরোধী বিক্ষোভের প্রতিবেদনের জন্য এ দণ্ড দেন বলে জানিয়েছে মিজ্জিমা ও ডিভিবি। মিজ্জিমা জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে তাদের যে ছয় জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে জাও জাও তাদের মধ্যে একজন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকার যে সংবাদপত্রগুলোর লাইসেন্স বাতিল করেছে ডিভিবি ও মিজ্জিমা সেগুলোর অন্যতম। জান্তা তাদের বিরোধিতা দমন করতে দেশটি থেকে ইন্টারনেটে প্রবেশে বিধিনিষেধ আরোপের পাশাপাশি বিদেশি স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দিয়ে বলেছে, তারা গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু যে সাংবাদিকরা অস্থিরতায় প্ররোচনা দেয় তাদের তারা সহ্য করবে না। এসব বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক কাউন্সিলের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
দেশটির সামরিক বাহিনী সম্প্রতি এক জন জাপানি ও এক জন পোলিশ সাংবাদিককে গ্রেফতার করার পর দেশ থেকে বহিষ্কার করেছে, আর দুই জন মার্কিন সাংবাদিককে আটক করে রেখেছে।
