গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়েছে সাড়ে ৭ কেজি ওজনের একটি শিলং মাছ। বৃহস্পতিবার ভোরে নদীর ঢালারচর এলাকার জেলে নুর আলমের জালে মাছটি ধরা পড়ে। সকাল ৬টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে মো. মোহন মণ্ডলের আড়তে মাছটি নিয়ে আসলে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে ২১ হাজার টাকায় কিনে নেন। মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, সুস্বাদু শিলং মাছ এখন আর তেমন চোখে পড়ে না। দীর্ঘদিন পরে এমন একটি মাছ কিনতে পেরে ভালো লাগছে। মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।
