বরিশালে সাড়ে ৫ লাখ চিংড়ির রেণুসহ আটক ২০

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৫৮

বরিশালে সাড়ে ৫ লাখ গলদা চিংড়ির রেণুসহ ২০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আনুমানিক ৪ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ ১৯ জনকে নৌপুলিশ এবং দেড় লাখ রেণু পোনাসহ একজনকে উপজেলা প্রশাসন আটক করেছে। বৃহস্পতিবার সকালে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় বরিশাল সদর নৌ থানাপুলিশের সদস্যরা। নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, একটি ট্রাকে ২০টি ড্রামে ভর্তি করে রেণু পোনাগুলো ভোলার বোরহানউদ্দিন থেকে খুলনার দিকে নেওয়া হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে ট্রাকে থাকা রেণু পোনাসহ ১৯ জনকে আটক করা হয়। আটকরা জানিয়েছে প্রতিটি ড্রামে ২০ হাজার করে গলদা চিংড়ির রেণু পোনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, উপজেলা পরিষদের (থানা কাউন্সিল) সামনের সড়কে ঢাকামুখী একটি পিকআপে পাঁচটি ড্রামভর্তি দেড় লাখ গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়। এ সময় একজনকে আটক করা হয়। পরে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। নৌপুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে ২০টি ড্রামভর্তি রেণু পোনাসহ আটক করে। তাদেরও ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না জানান, আটককৃতদের মধ্যে একজন ১২ বছরের শিশু থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে এক মাস করে কারদণ্ড প্রদান করা হয়েছে।