করোনা মহামারির কারণে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া পরীক্ষা কার্যক্রম সরকারি স্বাস্থ্যবিধি মেনে আবার শুরু হতে যাচ্ছে। আগামী ১৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম চালু হবে। পরবর্তী সময়ে এ ধারাবাহিকতা অন্যান্য বিভাগ/অনুষদে অব্যাহত থাকবে। বুধবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩৪তম জরুরি একাডেমিক কাউন্সিলের সভা থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সভায় সভাপতিত্ব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীরের সঞ্চালনায় সভায় কমিটির সদস্যরা পরীক্ষা কার্যক্রম চালুসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত অনুসারে মূলত সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
