৪০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজার

আপডেট : ০৩ জুন ২০২১, ২২:০৮

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার উত্থান হয়েছে শেয়ারবাজারে। এর মাধ্যমে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি তিন বছর চার মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩ দশমিক ৪২ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি গতকালের থেকে বেশিতে ছিল ডিএসইএক্স সূচকটি। ঐদিন সূচকটি ৬ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছিল।

গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ৮ দশমিক ৬৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৩ দশমিক ১৭ পয়েন্টে এবং ২ হাজার ২০৩ দশমিক ৫৯ পয়েন্টে। গতকাল ডিএসইতে ২ হাজার ১৮২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৫ কোটি ২ লাখ টাকা কম। ডিএসইতে গতকাল ৩৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮৪টি শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ারদর কমেছে ১১১টির এবং বাকি ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৩ দশমিক ৪৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।