মোবাইল সিম বন্ধ থাকায় নারায়ণগঞ্জের ১৩ হাজার উপকারভোগী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নাগরিকের কাছে সরকারি ভাতা পৌঁছানো সম্ভব হচ্ছে না। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৫ জুন বিকাল ৫টার মধ্যে যোগাযোগ করতে ব্যর্থ হলে তাদের ভাতা স্থায়ীভাবে বন্ধ হবে এবং কোনো আপত্তি গ্রহণ করা হবে না। জানা গেছে, বয়স্করা প্রতি মাসে ৫০০ টাকা ভাতা পান। বিধবারাও একই হারে ভাতা পেয়ে থাকেন। আর প্রতিবন্ধীদের মাসে ৭৫০ টাকা ভাতা দেওয়া হয়। আড়াইহাজার উপজেলার ৪৬৪, নারায়ণগঞ্জ সদর উপজেলার ২ হাজার ৯০৮, বন্দর উপজেলার ২ হাজার ৮২১, রূপগঞ্জ উপজেলার ১ হাজার ১৯১, সোনারগাঁ উপজেলার ৪ হাজার ৯৪৬ এবং শহর সমাজসেবা কার্যালয়ের ৬৮২ জন ভাতাভোগীর মোবাইল সিম বন্ধ রয়েছে। এসব সিম বন্ধ থাকায় জেলার ১৩ হাজার ১২ জনের ভাতা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি ভাতা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সরকারি সুবিধাভোগীর হিসাবে দেওয়া হচ্ছে। এই ক্রার্যক্রমে ইতিমধ্যে সব ভাতাভোগী এই হিসাব খোলার কাজ সম্পন্ন করেছেন, কিন্তু বিভিন্ন কারণে ভাতাভোগীদের মোবাইল সিম বন্ধ থাকায় তাদের কাছে ভাতার টাকা পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই বন্ধ সিমগুলো চালু করার অনুরোধ করা হলো।
