গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি পোশাক কারখানার প্রাইভেটকার চালক জাহিদুল ইসলামকে হত্যাকাণ্ডের তিন মাস পর জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বি হোসেন ও শিপন হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। গতকাল দুপুরে জিএমপি প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ জাকির হাসান এ তথ্য জানান।
তিনি জানান, গত ১ মার্চ রাতে গাছাথানাধীন মালেকের বাড়ি এলাকার এমাজিং ফ্যাশন লিমিটেড কারখানার প্রাইভেটকার চালক জাহিদুল ইসলাম ঢাকায় কারখানার কয়েক জন কর্মকর্তাকে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাছিমপুর পিপলস সিরামিক কারখানার সামনে প্রাইভেটকার থামিয়ে সড়কের সামনে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায়।
এ সময় তিন-চার জনের একদল ছিনতাইকারী তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ জাহিদকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গ্রেফতারকৃতদের গতকাল গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
