বাংলাদেশ ও নেপালের সঙ্গে টিকা সরবরাহের ব্যাপারে কথা বলার উপযুক্ত সময় এখন নয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ভারত এই দুই দেশে টিকা সরবরাহ শুরু করবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য টিকার উত্পাদন বাড়াতে শুরু করেছে। এই সময়ে কোনো দেশের সঙ্গে করোনার টিকা সরবরাহের বিষয়ে কথা বলা উচিত হবে না।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ভারতে ভ্যাকসিন সরবরাহ করা হবে কি-না, এমন প্রশ্নের জবাবে বাগচী বলেন, ভ্যাকসিন সহজলভ্য করতে ভারত সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটি দেশের অভ্যন্তরে উত্পাদন বাড়ানো হোক কিংবা বিদেশ থেকে সরবরাহের মাধ্যমেই হোক।
বাগচী বলেন, ভারতে ভ্যাকসিন উত্পাদনের জন্য প্রয়োজনীয় উপাদান ও কাঁচামাল সহজেই পাওয়া যায় কি-না, তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। এছাড়া ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসনের মতো কোম্পানির সঙ্গে টিকা পাওয়ার জন্য আলোচনা হচ্ছে।
