জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগর উপজেলার উথলী গ্রামের বাজার পাড়ায় মায়ের ওপর অভিমান করে জুলিয়া খাতুন নামে নয় বছরের এক শিশু কন্যা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টার দিকে। জুলিয়া উথলী গ্রামের বিদ্যুত্ মিস্ত্রি জামাল হোসেনের মেয়ে এবং উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
প্রতিবেশীরা জানায়, জুলিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় তার বিদ্যালয়ের সামনে মায়ের মুদিখানার দোকানে বসে টেলিভিশন দেখছিল। পড়তে না বসে দোকানে টিভি দেখার কারণে মা লিপি খাতুন জুলিয়াকে বকাঝকা করে। এতে সে মায়ের ওপর অভিমান করে বাড়িতে গিয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। রাত ৯টার দিকে লিপি খাতুন দোকার বন্ধ করে বাড়িতে গিয়ে দেখে জুলিয়া গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এ সময় তার চিত্কারে প্রতিবেশীরা ছুটে এসে জুলিয়াকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
